logo

বিসিএস কর্মকর্তার বাগানের শতাধিক গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

বিসিএস কর্মকর্তার বাগানের শতাধিক গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
বিসিএস কর্মকর্তার বাগানের শতাধিক গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা। ছবি: এশিয়া পোস্ট

জয়পুরহাটের কালাইয়ে রাতের আঁধারে বিসিএস কর্মকর্তা ফজলে রাব্বির বাগানের শতাধিক ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগানমালিক।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর ভেরেন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান ফজলে রাব্বি। ৩৫ শতাংশ জমির বাগানটিতে লিচু, আম, ডালিম, সুপারি ও অন্যান্য প্রজাতির শতাধিক ফলজ গাছ ছিল। অধিকাংশ গাছের বয়স ছিল দুই থেকে তিন বছর।

ফজলে রাব্বি ওই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে। তিনি জানান, শখের বশে এবং ভবিষ্যতে ফল পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে যত্ন নিয়ে বাগানটি গড়ে তুলেছেন। গাছগুলো বড় হয়ে এবার ফল দেওয়ার উপযোগী হয়েছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সব গাছ কেটে ফেলেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এলাকার কারও সঙ্গে তার কোনো বিরোধ বা পূর্বশত্রুতা নেই। তাই এ ঘটনায় কাদের সন্দেহ করবেন, তা বুঝতে পারছেন না। তবে তার ধারণা, স্থানীয় কারও সংশ্লিষ্টতা ছাড়া এতগুলো গাছ একসঙ্গে কেটে ফেলা কঠিন। সকালে বিষয়টি থানায় ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

একই গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, সমাজে মানুষের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু কোনো বিরোধের জেরে এভাবে কারও বাগানের গাছ কেটে ফেলা গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বাগানমালিক ফোন করে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।