logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র চাপ, যান চলাচলে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র চাপ, যান চলাচলে ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচলে ধীরগতি। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কুমিল্লামুখী যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানবাহনের সারি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টায় গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত বাড়তে শুরু করায় মহাসড়কে চাপ বেড়েছে। সন্ধ্যার পর থেকে গৌরীপুর, দাউদকান্দি ও মেঘনা-গোমতী সেতু এলাকায় যান চলাচল আরও ধীর হয়ে পড়ে।

অনেক যাত্রীকে দীর্ঘসময় যানজটে আটকে থাকতে দেখা গেছে। মহাসড়কের একাধিক লেনে সারিবদ্ধভাবে যানবাহন ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন এশিয়া পোস্টকে বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। আপাতত যানজট দেখা যাচ্ছে না। যানজট হয়ে থাকলেও দেখছি।