নোয়াখালী বিভাগ চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ‘নোয়াখালী’ স্বনামে নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলাকে নিয়ে প্রস্তাবিত এই বিভাগ বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে। ফেনী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা। বৃহত্তর নোয়াখালীর তিন জেলার মানুষের পারস্পরিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক বন্ধন দীর্ঘদিনের। তাই জনগণের যৌক্তিক দাবি বিবেচনা করে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের দাবি নয়; এটি বৃহত্তর নোয়াখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রশাসনিক উন্নয়নের যৌক্তিক দাবি। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্মারকলিপি প্রদানকালে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, সংগঠনটির ফেনী জেলা শাখার সভাপতি ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ নুরুল আফসার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনটির ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আলমগীর, সদস্য আবু সুফিয়ান, নাজনুল হাসান, দেলোয়ার হোসেন লিটন, মোহাম্মদ সৈকত এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নির্বাহী সদস্য খালিদ হাসান মিরাজ ও মাইন উদ্দিন রানাসহ ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ফেনীবাসীর এই স্মারকলিপি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়নে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।


