logo

মাটি ধসে ৩০ ফুট গভীরে চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার 

মাটি ধসে ৩০ ফুট গভীরে চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার 

দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে ত্রিশ ফুট গভীরে চাপা পড়া এক শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। চাপা পড়া শ্রমিকের নাম মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৮)।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল উপজেলার দক্ষিণ মহেশপুর এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে তাকে উদ্ধার করা হয়। 

এলাকাবাসী ও কাহারোল ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, সেপটিক ট্যাংকের কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়ে দুই শ্রমিক মাটির প্রায় ৩০ ফুট গভীরে চাপা পড়েন। স্থানীয়রা একজনকে উদ্ধার করতে পারলেও অন্য শ্রমিক গলা পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে ক্রমান্বয়ে নিচে দেবে যাচ্ছিলেন। এলাকাবাসী মাটি সরানোর চেষ্টা করলেও চারপাশ থেকে মাটি ঝরে পড়ে আবার ভরাট হয়ে যাচ্ছিল।

এ অবস্থায় স্থানীয় একজন তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে দ্রুত উদ্ধারের জন্য বিষয়টি কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া শ্রমিক মোহাম্মদ আজহারুল ইসলামকে জীবিত উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কাহারোল ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয়ে মাটি চাপাপড়া শ্রমিককে জীবিত উদ্ধার করতে সমর্থ হই। বর্তমানে তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।