জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এশিয়া পোস্ট নিউজ, জয়পুরহাট
জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর অবদা এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক তৌহিদ হোসেন ও এক নারীযাত্রী। তৌহিদের বাড়ি পাঁচবিবি পৌর এলাকায় এবং নিহত নারীর বাড়ি একই উপজেলার বীরনগর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে বনখুর অবদা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও পাঁচজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকি দুই আহতের পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয় :জয়পুরহাট