মতলব সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুড়ঙ্গ, ধসে পড়ার শঙ্কা

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
মতলব সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুড়ঙ্গ, ধসে পড়ার শঙ্কা
ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের ধনাগোদা নদীর ওপর নির্মিত ‘মতলব সেতু’র উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতের কারণে সড়কটির একটি বড় অংশ ধসে গিয়ে সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে সড়কটি পুরোপুরি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং ঢাকা থেকে হাজার হাজার মানুষ চলাচল করে।

স্থানীয় এলাকাবাসী জানান, গত কয়েক মাস আগে এই সড়কের মেরামতের কাজ করা হয়েছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে পূর্বের মেরামত করা সড়কটি এখন আবার ভেঙে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

পথচারী মো. মিজানুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে আমরা প্রায়ই দিনে-রাতে চলাচল করি। এখন রাস্তার এমন অবস্থা হয়েছে যে যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. তানভীর হোসেন বলেন, এই জায়গাটা প্রায়ই ভাঙে। কয়েক মাস আগেও ভাঙার পর মেরামত করা হয়েছিল। এখন আবার বৃষ্টি হওয়ায় ভেঙে সুরঙ্গ তৈরি হয়েছে।

ইউপি সদস্য গোলাম নবী খোকন বলেন, এই ভাঙা সুরঙ্গ যদি দ্রুত সংস্কার না হয়, তাহলে ব্রিজটি আস্তে আস্তে ভেঙে যাবে। প্রায় সময়ই এই জায়গায় সুরঙ্গ তৈরি হয়। স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন।

অটোরিকশা চালক আশরাফ আলী বলেন, বৃষ্টি হইলেই এইখান দিয়া ভাইঙ্গা যায়। রাস্তার এই অবস্থা দিয়া আমরা রিকশা চালাইতেও ভয় পাই। যদি গাড়ি উল্টাইয়া পইরা বিপদ হইয়া যায়! রাস্তাটি ঠিক করা খুবই দরকার।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, বৃষ্টির কারণে সড়কটি ভেঙে সুরঙ্গ হয়েছে। জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেছি। দ্রুত মেরামতের কাজ চলছে।

বিষয় :চাঁদপুর