শার্শায় পিস্তল হাতে মহড়ার অভিযোগ, চাঁদা দাবিতে থানায় জিডি

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল হাতে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে শরীফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দুই লাখ টাকা চাঁদা দাবি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিপুল বিশ্বাস নামে এক ব্যক্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তু হাতে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ভিডিওতে দেখা ব্যক্তি ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের ইউসুফ আলীর ছেলে শরীফ। তিনি মেম্বার পদপ্রার্থী ইউসুফ আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এ ছাড়া শরীফকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার এবং তাকে পুলিশের কাছে সোপর্দ না করে অন্যদের হেফাজতে রাখার অভিযোগও উঠেছে।
থানায় জমা দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে শার্শা এলাকায় বিপুল বিশ্বাসের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগে মো. শরিফুল ইসলাম শরীফ, মো. আমির আলী, মো. মকবুলসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
বিপুল বিশ্বাসের অভিযোগ, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তিনি পুলিশের কাছে জিডি করেছেন।
প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

