logo

স্কচটেপ মোড়ানো বস্তু হাতে নিতে বিস্ফোরণ

স্কচটেপ মোড়ানো বস্তু হাতে নিতে বিস্ফোরণ
বিকট শব্দ শুনে ছুটে আসন স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরের জাজিরা উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণে মো. রাহাত নামে ১০ বছরের এক শিশুর হাত ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় একটি মরিচক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

আহত রাহাত পাশের মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের সামছু মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে রাহাত একটি মরিচক্ষেতে যায়। সেখানে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে সেটিকে খেলনা ভেবে কুড়িয়ে নেয়। পরে সেটি খুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার দুই হাতের কবজি পর্যন্ত ঝলসে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাহাতকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কচটেপ মোড়ানো বস্তুতি ককটেল। এটি কেউ ফেলে রেখে গেছে। শিশুটি সেটি খেলনা ভেবে নাড়াচাড়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ককটেলটি সেখানে কারা রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।