চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, জানে না পুলিশ

চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে মিছিলের বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে প্রায় ১৫ থেকে ২০ জনকে মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলটির নেতৃত্বে ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত আসিফ তুষার। মিছিলে জুলাইয়ের গণ-অভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিসংবলিত একটি ব্যানারও দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিট মিছিল করার পর তারা দ্রুত সড়ক ছেড়ে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আসিফ তুষারের নেতৃত্বে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ হয়।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিছিলের বিষয়ে কিছু জানেন না বলে জানান। মিছিলের কোনো ভিডিও বা লিংক থাকলে তাকে দেওয়ার অনুরোধ করেন তিনি।



