logo

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের সালথা উপজেলায় বাড়ির পাশে আম কুড়ানোর সময় ৯ বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই শিশুর বাবা বাদী হয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম খায়রুজ্জামান (৩৫)। তিনি বারাংকুলা গ্রামের মমিন দাঈয়ের ছেলে এবং পেশায় মুদিদোকানি। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। দুপুরে সে বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় সেখানে আগে থেকে অবস্থান করা খায়রুজ্জামান শিশুটিকে ভয় দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং খায়রুজ্জামানকে ধরে একটি ঘরে আটকে রাখেন। তবে কিছু সময় পর কৌশলে তিনি ঘর থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুরে মেয়েকে বাড়িতে রেখে আমি পাশের বাড়ি থেকে দুধ আনতে গিয়েছিলাম। ওর বাবা মাঠে কাজ করছিলেন। এই সুযোগে একা পেয়ে খায়রুজ্জামান আমার মেয়ের ওপর নির্যাতন চালানোর চেষ্টা করে। মানুষের তৎপরতায় মেয়ে বেঁচে গেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখলেও তিনি কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই শিশুর বাবা বাদী হয়ে খায়রুজ্জামানকে একমাত্র আসামি করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। মামলাটি রুজু করার প্রক্রিয়া চলছে। আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।