সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ জুলাই) জেলার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে আমানগণ্ডা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি দেখতে পান বিজিবি সদস্যরা। পরে শাড়িগুলো উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা। প্রচলিত বিধি মোতাবেক জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
.png)





