logo

নওগাঁয় এক পরিবারে ৪ খুন: বাবাসহ চারজন পুলিশ হেফাজতে

নওগাঁয় এক পরিবারে ৪ খুন: বাবাসহ চারজন পুলিশ হেফাজতে

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা, দুই বোন ও ভাগনেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামের চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হয়। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)।

এ ঘটনায় পুলিশ হেফাজতে নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), দুই বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২২)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে হাবিবুর রহমানের সঙ্গে তার বোন শিরিনার দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। নিহতের স্বজনদের অভিযোগ, এই বিরোধের সূত্র ধরেই তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। এর আগেও হাবিবুর ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

​নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেনের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে পপির ননদ শিরিনা ও তার ছেলে সবুজ রানা সরাসরি জড়িত। তিনি অভিযোগ করেন, এর আগেও তারা আমার মেয়ে ও জামাইকে প্রাণে মারার চেষ্টা করেছিল। পপির ভাইও একই সুরে বিচার দাবি করে জানান, তার বোনকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো এবং আগে একবার হত্যার চেষ্টাও চালানো হয়েছিল। তারা এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।

এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।