logo
Advertisement

দুঃখ প্রকাশের পর অস্ত্র-ওয়াকিটকি ফেরত পেল বিএসএফ

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
দুঃখ প্রকাশের পর অস্ত্র-ওয়াকিটকি ফেরত পেল বিএসএফ
হাতীবান্ধা সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক। ছবি : এশিয়া পোস্ট

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে কৃষকদের মারধরের পর গ্রামবাসীর ধাওয়ায় ফেলে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশের পর উদ্ধারকৃত শটগান ও ওয়াকিটকি হস্তান্তর করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন বাংলাদেশি কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান।

পরে খবর পেয়ে বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দুটি ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

পরে একইদিন সন্ধ্যার পর একই সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। এরপর উদ্ধার করা অস্ত্র ও ওয়াকিটকি নির্ধারিত প্রক্রিয়ায় বিএসএফের কাছে ফেরত দেয় বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিএসএফের কমান্ড্যান্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, বৈঠক শেষে উদ্ধার করা দুটি শটগান ও একটি ওয়াকিটকি সেট সরকারি ও প্রশাসনিক বিধি অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।