আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এ ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও সাতজনের মৃত্যুর ঘটনায় কারণ অনুসন্ধানে চার সদস্যের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুল জামান। সদস্য সচিব হিসেবে রয়েছেন সাভার অঞ্চলের জোন কমান্ডার হাফিজুর রহমান। কমিটির অন্য দুই সদস্য হলেন জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন এবং সংশ্লিষ্ট পরিদর্শক অলিয়ুর রহমান।
এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট সাতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এ ছাড়া ৮ থেকে ৯টি লরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুল জামানকে সভাপতি করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব সাভার অঞ্চলের জোন কমান্ডার হাফিজুর রহমান। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট পরিদর্শক অলিয়ুর রহমান এবং আমি স্বয়ং।
তিনি আরও জানান, তদন্তের সময়সীমা ও কার্যপরিধিসংক্রান্ত বিস্তারিত তথ্য সোমবার বিকেলের মধ্যে পাওয়া যাবে।
