রান্নায় ব্যস্ত মা, শিশুটি মারা গেল পানিভর্তি বালতিতে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পানিভর্তি বালতিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সি এক কন্যাশিশু মারা গেছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
আয়েশা ওই গ্রামের আশিক মোল্লার একমাত্র সন্তান। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তার বাবা-মা। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আয়েশাকে ঘরের ভেতর বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তার মা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর জন্য বাড়ির ভেতর থেকে কিছুটা দূরে একটি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল।
কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেলে আয়েশা হামাগুড়ি দিয়ে অজান্তেই ঘরের বাইরে চলে যায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা বিষয়টি বুঝতে পারেননি।
একপর্যায়ে শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির বিভিন্ন স্থান ও আশপাশে খোঁজার পর হঠাৎ পানিভর্তি বালতির কাছে গিয়ে আয়েশাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তারা।
তৎক্ষণাৎ শিশুটিকে বালতি থেকে তুলে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে আয়েশার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ খবর পেয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে পরিবারগুলোকে সতর্ক থাকতে হবে।



