logo

কক্সবাজারে ৭ পদে আওয়ামী লীগ ও ৪টিতে বিএনপির জয়

কক্সবাজারে ৭ পদে আওয়ামী লীগ ও ৪টিতে বিএনপির জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে দলীয় সমর্থিত তিনটি প্যানেলের মধ্যে আওয়ামী লীগপন্থি প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। নির্বাচনে সভাপতিসহ ৪টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় পেয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। অপরদিকে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে অংশ নেওয়া আওয়ামী লীগপন্থিরা সহ-সাধারণ সম্পাদকসহ (হিসাব) মোট ৭টি পদে বিজয় লাভ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাং আহমদ কবির ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি সমর্থিত বাংলাদেশ আইনজীবী ফোরাম প্যানেলের অ্যাডভোকেট মো. আবদুল মন্নান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন। আওয়ামী লীগপন্থি সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার তৃতীয় অবস্থানে রয়েছেন।

সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগপন্থি সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা তৃতীয় অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মো. আবদুল মন্নান-ছলিমুল মোস্তফা প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন সহসভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ-২, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আজিজুল করিম জয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি পদে জয়লাভ করে।

জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন-অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন—সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবদুল বারী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এসএম জসিম নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৬টি পদে জয়লাভ করে।

আওয়ামী লীগপন্থি সাধারণ আইনজীবী পরিষদের অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার-অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা প্যানেলের বিজয়ী ৭ জন হলেন সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৭টি পদে জয়লাভ করে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মোট ৯৪৮ জন ভোটারের মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোটকেন্দ্রে ৮৬১ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভবন ভোটকেন্দ্রে ৮৭ জন ভোটার ছিলেন। মোট ভোট কাস্ট হয়েছে ৮৯২টি। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৮৬ জন ভোটার ১৭টি পদের বিপরীতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৫০ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত তিনটি প্যানেল পৃথকভাবে নির্বাচনে অংশ নেয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবনে দুটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।