রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর। এ ঘটনায় অটোরিকশারচালক আহত হলেও ওজিলের বহরের কেউ হতাহত হয়নি। পুলিশ সদস্যদের বহনকারী গাড়ীটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরী দ্বীপ হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান সেখানে ইফতার করেন। পরে তাদের বহনকারি গাড়ির বহরটি উখিয়ার কুতুপালং এলাকায় পৌঁছায়। এ সময় উপ-সড়কের দিক থেকে একটি ইজিবাইক আকস্মিক প্রধান সড়কে উঠে এসে বহরটির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় ও চালক গুরুতর আহত হন। পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও ফুটবলার মেসুত ওজিলকে বহনকারি গাড়িটি বহরের সামনে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা নাকি নিছক দুর্ঘটনা তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ওজিল ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।