logo

শেরপুরে বন্যহাতির আক্রমণে আহত হয়ে হাসপাতালে রাখাল

শেরপুরে বন্যহাতির আক্রমণে আহত হয়ে হাসপাতালে রাখাল
মানচিত্রে শেরপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক রাখাল আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার গারো পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রহেশ কোচ উপজেলার রাংটিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রহেশ কোচ গরু চরানোর জন্য পাহাড়ে যান। বিকেলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে একটি বন্যহাতি তার ওপর আক্রমণ চালায়। এ সময় হাতিটি শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়। আহত অবস্থায় রহেশ কিছু সময় জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকেন।

তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান এবং এলাকাবাসীর হইচই শুনে হাতিটি সেখান থেকে সরে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত রহেশ কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, এক্স-রে পরীক্ষায় তার মেরুদণ্ডের হাড় সরে যাওয়ার পাশাপাশি পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার ধরা পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই গারো পাহাড় এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে চলেছে। প্রায় হাতির পাল লোকালয়ে নেমে এসে ফসল নষ্ট করছে এবং মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, আহত ব্যক্তির খোঁজ-খবর নিতে লোক পাঠানো হয়েছে। তিনি গুরুতর আহত হওয়ায় সরকারিভাবে অনুদান দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।