বৃষ্টিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত, ক্ষতির মুখে কৃষক

গাইবান্ধায় ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত। এতে চলতি মৌসুমে আলু তোলার সময় কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আলু তোলার ঠিক এই সময়টিতে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ এই বৃষ্টিতে ইতোমধ্যে গাইবান্ধার বিভিন্ন এলাকায় আলুর জমিতে পানি জমে গেছে। অনেক জায়গায় জমির নিচু অংশে থাকা আলুর ক্ষেত আংশিক পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এতে জমিতে থাকা আলু দ্রুত তোলা না গেলে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গোবিন্দগঞ্জের শাখাহারে কৃষক রায়হানুল ইসলাম বলেন, আমরা কয়েক দিন ধরেই আলু তোলার কাজ করছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে গেছে। জমি শুকাতে সময় লাগবে। এর মধ্যে আবার বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
আরেক কৃষক ফুল মিয়া বলেন, অনেক জমিতে আলু তোলার কাজ এখনও বাকি রয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় আলু তোলা বন্ধ রাখতে হয়েছে। এতে বাড়তি সময়ের পাশাপাশি খরচ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাও তৈরি হয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আলুর জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে মাটির নিচে থাকা আলু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে যদি কয়েক দিন টানা বৃষ্টি হয়, তাহলে অনেক কৃষককে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (১৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রংপুরে বিভাগে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর সকাল ৯টার মধ্যে আরও ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরমধ্যে গাইবান্ধায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্প্রসারণের উপপরিচালক আতিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, জেলায় চলতি মৌসুমে ১২ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। বৃহস্পতিবারের বৃষ্টিতে আলুর ভরা মৌসুমে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। যাতে চাষিদের ক্ষতি বেশি না হয়, সেজন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আলু চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।