দুই মাসের ঘুমন্ত শিশুর পা মুচড়ে ভাঙলেন চাচি

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
দুই মাসের ঘুমন্ত শিশুর পা মুচড়ে ভাঙলেন চাচি
দুই মাসের ঘুমন্ত শিশুর পা মুচড়ে ভাঙলেন চাচি। ছবি : ভিডিও থেকে

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে দুই মাস বয়সি এক ঘুমন্ত শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। মায়ের অনুপস্থিতিতে গোপনে রাখা মোবাইল ফোনের ক্যামেরায় এই নৃশংস নির্যাতনের দৃশ্যটি ধরা পড়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার শিশুটি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামের বাসিন্দা। বর্তমানে তার পায়ে প্লাস্টার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুটির পরিবার জানায়, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। এতে শিশুটির মা সায়েবা বেগমের মনে সন্দেহ জাগে যে, তার অনুপস্থিতির সুযোগে কেউ হয়তো শিশুটির ওপর নির্যাতন চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে তিনি ঘরের এক কোণে গোপনে মোবাইল ফোনের ক্যামেরা অন করে রেখে বাথরুমে যান।

পরিবারের দাবি, ওই গোপন ভিডিওতে দেখা যায়, সায়েবা বেগম ঘর থেকে বের হওয়ার পরপরই শিশুটির চাচি সেখানে প্রবেশ করেন। এরপর বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটির একটি পা অত্যন্ত জোরে মুচড়ে দেন তিনি। ব্যথায় শিশুটি চিৎকার করে কান্না শুরু করলে অভিযুক্ত নারী দ্রুত ঘর থেকে বের হয়ে যান। পরে কান্না শুনে মা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুর পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং পায়ে প্লাস্টার করে দেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই লোমহর্ষক ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এই ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে বিষয়টি আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনার বিস্তারিত উদঘাটন ও সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই পুলিশের একটি দল ওই এলাকায় পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া মাত্রই আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :নরসিংদী