logo

চট্টগ্রামে ইউএসটিসি ক্যাম্পাসে মিলল নারীর মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে ইউএসটিসি ক্যাম্পাসে মিলল নারীর মরদেহ
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাতে নগরীর খুলশী থানা এলাকায় অবস্থিত ক্যাম্পাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটির খুলি আলাদা হয়ে গেছে। মুখমণ্ডল বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ইউএসটিসির পরিচালক অধ্যাপক ডা. মো. বদিউল আলম বাদল বলেন, উপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলা হচ্ছে। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন। হাসপাতালের রোগীও নন। তার পরিচয় এখনও জানি না।

ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজও রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীদের জন্য গুলমেহের নামে একটি হল রয়েছে। যেখানে বিদেশি ও দূর থেকে আগত ছাত্রীরা থাকেন। এ ছাড়া একটি বেসরকারি হাসপাতাল আছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।