logo

গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি। ছবি: এশিয়া পোস্ট

গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারের প্রস্তুতিকালে ১ কোটি ৩৫ লাখ টাকার দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিষ্ণুমূর্তি, যার ওজন ১৬ দশমিক ৮৭ কেজি ও আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন ১১৯ কেজি ও আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির দাবি, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল। এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।