ভারতে গিয়ে খাসিয়াদের গুলিতে যুবক নিহতের অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে মেঘালয়ের অভ্যন্তরে সুপারি পাড়তে গিয়ে খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হওয়ার দাবি করছে তার পরিবার। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও তার মরদেহ এখনও পায়নি পরিবার।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, নিহত হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত না। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এমন কোনো সুনির্দিষ্ট ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ সাদ্দাম হোসেন উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে। চোরাইপথে ভারতের অভ্যন্তরে গিয়ে তিনি নিহত হন বলে জানা গেছে। সাদ্দামের স্ত্রী তছলিমা বেগম এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) সীমান্ত দিয়ে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে যান সাদ্দাম হোসেনসহ কয়েকজন। সুপারি বাগানের মালিক খাসিয়ারা এ সময় গুলি চালালে সাদ্দাম হোসেন নিহত হন ও তার সঙ্গী ফরহাদ মিয়া আহত হন। পরে অন্য সঙ্গীরা ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। আহত ফরহাদ একই গ্রামের লিলু মিয়ার ছেলে। তাদের সঙ্গে আরও ছিলেন আবু বক্কর ও জফির মিয়া।
নিহতের স্ত্রী তছলিমা বেগম বলেন, আমার স্বামী ১ এপ্রিল বাড়ি থেকে বের হন। পরদিন দুপুর পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারি, খাসিয়ারা গুলি করে তাকে হত্যা করেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গতকাল শনিবার (৪ এপ্রিল) পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছেন। আমরা বিজিবিকে বিষয়টি জানিয়েছি।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি জানার পরপরই আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। তারা খোঁজ নিচ্ছে, এখনও তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে আমাদের জানিয়েছে। ঘটনার সত্যতা পেলেই আমাদের জানাতে বলেছি।