এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ/ধামরাইয়ে অবৈধ দুটি রঙের কারখানা বন্ধের নির্দেশ

এশিয়া পোস্ট ডিজিটালে অবৈধ রঙের কারখানার দূষণে অতিষ্ঠ মানুষের দুর্ভোগ নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ ও পৌরসভার আইঙ্গন এলাকায় কারখানা দুটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের লোকালয় ও আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে কালি তৈরি করা হচ্ছিল। এশিয়া পোস্ট ডিজিটালে মঙ্গলবার সকালে ‘লোকালয়ে অবৈধ রং কারখানা, দূষণে অতিষ্ঠ মানুষ’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপরই কারখানা দুটিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে কারখানা দুটির সংশ্লিষ্ট ব্যক্তিরা লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে কারখানা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য কারখানাটিতে অভিযানকালে উৎপাদন বন্ধ থাকায় সেটিকে সিলগালা ও বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানের বিষয়ে ইউএনও মোহাম্মদ আল মামুন বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিই। আবাসিক এলাকায় বৈধ কাগজপত্র ছাড়াই পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণভাবে কারখানাগুলো চলছিল।
তিনি আরও বলেন, আমরা তাৎক্ষণিকভাবে এগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি এবং একটিকে জরিমানা করেছি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন যেকোনো অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

