মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসির বক্তব্য ভাইরাল

পিরোজপুরে এক সচেতনতামূলক সভায় দেওয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। বক্তব্যে তিনি বলেছেন, একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করে আমাকে ১০০ কোটি টাকা দিলেও আমি নেব না।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে আয়োজিত সামাজিক প্রতিরোধমূলক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।
শরিফুল ইসলাম বলেন, আমাদের সমাজ আমাদেরই ভালো করতে হবে। বাইরে থেকে কোনো জিন-পরী এসে সমাজ ভালো করে দেবে না। চীন, রাশিয়া কিংবা আমেরিকা এসে আমাদের সমাজ ভালো করে দেবে না। আপনার ছেলে-মেয়ের ভবিষ্যৎ আপনাকেই গড়তে হবে। বাড়ির আশপাশের কোনো মেম্বার কিংবা ওসি এসে সব ঠিক করে দেবে–এমনটা ভাবলে হবে না।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী পাঁচজন, সন্ত্রাসী পাঁচজন—মোট ১০ জন। আর সমাজে মানুষ ৫০০ জন। এই ৫০০ জনকে কীভাবে ওই ১০ জন ভয় দেখায়, আমি চিন্তা করে পাই না। আপনারা মনে জোর রাখবেন। এই সমাজ আমাদের। আমরা সবাই মিলে ভালো থাকব।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম কিসমত বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত আছে তাদের সংখ্যা বেশি নয়, আমরা তাদের সংশোধন করতে পারি। আমাদের দায়িত্ব নিতে হবে, আসলে আমরা দায়িত্ব নিতে চাই না। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করলে, যতটুকু করলে নিরাপত্তায় থাকতে পারেন, ততটুকু নেন।



