বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে টানা ৮ দিন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছুটির আগের শেষ কর্মদিবসে বন্দরের কার্যক্রমে ব্যাপক ব্যস্ততা ছিল। শনিবার থেকে ছুটিতে যাচ্ছে ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বুড়িমারী স্থলবন্দর।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পূজার এ ছুটির সঙ্গে ১৬ ও ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াচ্ছে আট দিনে। ফলে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা আট দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম।
আগামী ২৪ অক্টোবর থেকে বন্দরের সব কার্যক্রম যথারীতি স্বাভাবিক হবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ছুটির বিষয়ে উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পত্র বিনিময় করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।