৪ বছর ভাড়া বাসায় মঠবাড়িয়া পোস্ট অফিস, তথ্য চাইলে সাংবাদিককে ‘চায়ের দাওয়াত’

পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘ চার বছর ধরে আটকে আছে উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ। ফলে গোয়ালি পাড়া রোডে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মাত্র দুটি ছোট কক্ষ ভাড়া নিয়ে কোনোরকমে চলছে অফিসের যাবতীয় কার্যক্রম।
নতুন ভবনের নির্মাণকাজ কবে শেষ হবে, তা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও ডাক বিভাগের কর্মকর্তাদের মধ্যে বক্তব্যের গরমিল পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে অর্ধনির্মিত ভবনটি এখন নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। ভবনের একাংশে গরু পালন করা হচ্ছে এবং নিচতলার একটি কক্ষে ফেলে রাখা হয়েছে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র। শুধু তা-ই নয়, ভবনের ভেতরে ও আশপাশে ছড়ানো-ছেটানো রয়েছে মাদক সেবনের সরঞ্জাম এবং মানুষের মলমূত্র।
মঠবাড়িয়া পোস্ট অফিস সূত্রে জানা গেছে, মডেল মসজিদ রোডে অবস্থিত পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর ২০২২ সাল থেকে ভাড়া বাড়িতে কার্যক্রম শুরু হয়। এখানে অনুমোদিত ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে কর্মরত আছেন মাত্র ৮ জন।
উপজেলা পোস্টমাস্টার (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার রায় এশিয়া পোস্টকে বলেন, সংকীর্ণ জায়গায় কাজ করতে গিয়ে আমরা মারাত্মক সমস্যায় পড়ছি। পর্যাপ্ত জায়গার অভাবে গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। বিশেষ করে নতুন চালু হওয়া ‘৪৮ ঘণ্টার স্পিড পোস্ট’ সেবা অক্ষুণ্ন রাখা এই ভবনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটির কাজ দ্রুত শেষ হলে সেবার মান ও কাজের পরিবেশ উভয়ই উন্নত হবে।
তথ্য এড়াতে চায়ের নিমন্ত্রণ
প্রকল্পের গতিধারা ও জটিলতা বিষয়ে জানতে ডাক অধিদপ্তরের প্রকল্প পরিচালক শামীম আল রাজীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে কথা বলেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
পরে ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ তৈয়ব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্য দেওয়ার আশ্বাস দেন এবং প্রকল্প পরিচালককে বিষয়টি অবগত করবেন বলে জানান। এর কিছুক্ষণ পর প্রকল্প পরিচালক নিজেই ফোন করেন। তবে ভবনের কোনো তথ্য না দিয়ে উল্টো প্রতিবেদককে ‘চায়ের দাওয়াত’ দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
ঠিকাদার ও প্রশাসনের বক্তব্য
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. জালাল হোসেন এশিয়া পোস্টকে বলেন, গ্রেড বিম, কলাম ও ছাদ ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর বিভাগীয় কিছু জটিলতার কারণে কাজ বন্ধ রয়েছে। সমস্যা মিটে গেলেই দ্রুত পুনরায় কাজ শুরু করা হবে।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি এশিয়া পোস্টকে বলেন, পোস্ট অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন ভাড়া ভবনে চলা দুঃখজনক। সংশ্লিষ্ট বিভাগ দ্রুত কাজ সম্পন্ন করবে বলে আশা করছি।
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এশিয়া পোস্টকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
