কারামুক্তদের ফুল দিয়ে বরণ করতে গিয়ে আ.লীগ ৪ নেতাকর্মী আটক

নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারামুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের মৃত শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), একই গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) এবং মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচির জের ধরে পুরো উপজেলাজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। রোববার তাদের মধ্যে থেকে চারজন জামিনে মুক্তি পেলে খবর পেয়ে এক ব্যাগ ফুলের মালা নিয়ে কারাগারের ফটকে অবস্থান নেন দলটির সমর্থক ও নেতাকর্মীরা। বিষয়টি টের পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে হাতেনাতে আটক করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, কারামুক্ত ব্যক্তিদের স্বজনেরা দু-একটি ফুলের মালা নিয়ে আসা স্বাভাবিক হতে পারত। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ভর্তি ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা মুক্তি পাওয়া ব্যক্তিদের কোনো আত্মীয়-স্বজন নন। বিভিন্ন এলাকা থেকে সংগঠিত হয়ে এসে তারা ছবি তুলে শোডাউন করার পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
.png)

