logo

রাজনৈতিক দলগুলোর দলান্ধতার কারণে পতিত শক্তি সুযোগ নিচ্ছে: চরমোনাই পীর

রাজনৈতিক দলগুলোর দলান্ধতার কারণে পতিত শক্তি সুযোগ নিচ্ছে: চরমোনাই পীর
চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন চরমোনাই পীর। রোববার বরিশালের চরমোনাইয়ে। ছবি: মিডিয়া সেল

রাজনৈতিক দলগুলোর দলান্ধতার কারণে পতিত শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ সবসময় তাদের কাছে নগণ্য। যার প্রতিফল আমাদের ভোগ করতে হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পরে সংস্কার, বিচার নিশ্চিত করা যায়নি। চব্বিশের পরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চূর্ণ হয়েছে। এমনকি সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে, যার সুযোগ নিচ্ছে পতিত শক্তি।

দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

ইসলামী আন্দোলনের আমির বিএনপির প্রতি আহ্বান রেখে বলেন, জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল, রাষ্ট্র সংস্কার এবং পতিত ফ্যাসিবাদের বিচার। সত্য হলো, সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, বিচার গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হোন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনাদের পতনের অন্যতম কারণ ছিল, সহিংসতা ও সন্ত্রাস। পতনের পরও সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। সেজন্য বলব, জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করুন, শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছে তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। পাচারকৃত টাকা ফেরত দিন।

জেলা প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, উপাধাক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট