logo

পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
ছবি: সংগৃহীত

নওগাঁ সীমান্তে পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে নয়জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি এর কাছাকাছি এলাকা দিয়ে পুশইনের চেষ্টা চালানো হয়। ভারতের ২৯ ব্যাটালিয়ন বিএসএফের এলেনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের ব্যর্থ করে দেয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, শূন্যরেখায় অবস্থান নেওয়া নয়জনকে রাতের কোনো একসময় বিএসএফ কর্তৃক ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছি।

তিনি বলেন, বিজিবি সীমান্ত পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, যাতে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধ করা যায়।