Advertisement

বগুড়ায় উচ্ছেদ অভিযানে বাধা, লাঠিসোঁটা নিয়ে ফুটপাতে ব্যবসায়ীরা

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় উচ্ছেদ অভিযানে বাধা, লাঠিসোঁটা নিয়ে ফুটপাতে ব্যবসায়ীরা
ছবি: এশিয়া পোস্ট

বগুড়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযানকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের উত্তেজনা দেখা দিয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে চাঁদনী বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে রাখা মালামাল সরাতে গেলে স্বেচ্ছাসেবকদের সঙ্গে ব্যবসায়ীদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় এক স্বেচ্ছাসেবককে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন ফুটপাতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন ফল ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর ট্রাফিক পুলিশ। পরে ব্যবসায়ী নেতা ও প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

বগুড়া সদর ট্রাফিকের পরিদর্শক (টিআই) মো. সালেকুজ্জামান খান বলেন, যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি করপোরেশন নিয়মিত অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনে ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীরা বাধা দেন। তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। পরে ব্যবসায়ীদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের উপস্থিতিতে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, বুধবার রাতে যারা অভিযান চালাতে এসেছিলেন, তারা সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক ছিলেন না। তাদের পরনে কোনো ইউনিফর্মও ছিল না। সিটি করপোরেশনের কোনো স্বেচ্ছাসেবককে লাঞ্ছিত করা হয়নি।

আলমগীর হোসেন আরও জানান, আগামী রোববার সকালে ফল ব্যবসায়ীদের জরুরি সভা ডাকা হয়েছে। এর আগে পরবর্তী তিন দিন কাঁঠালতলা, মাটিডালি, তিনমাথা, সাতমাথা ও স্টেশন রোডসহ শহরের বিভিন্ন এলাকার ফুটপাতে ফল বিক্রি বন্ধ থাকবে। ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীরা যানজটের জন্য একমাত্র দায়ী নন উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত হকারদের পুনর্বাসন ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলছে। মাইকিং করে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছিল। সে নির্দেশনা না মানায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মালামাল জব্দ করা হচ্ছে।

সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন বলেন, শহরকে যানজটমুক্ত ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে এ অভিযান নিয়মিত চলবে। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল ও অনিয়মের সঙ্গে কোনো আপস করা হবে না।

বিষয় :বগুড়া