রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত দেলোয়ার হোসেন উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার ছেলের সঙ্গে প্রায় ১৬ মাস আগে ভুক্তভোগীর বিয়ে হয়। ভুক্তভোগীর স্বামী চট্টগ্রামে একটি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করেন। কাজের সুবাদে ভুক্তভোগীর স্বামী চট্টগ্রামে থাকেন।
অভিযোগ রয়েছে, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দেলোয়ার পুত্রবধূকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুক্তভোগী ঘটনা প্রকাশ করেননি। সর্বশেষ গত রোববার রাতে পুনরায় দেলোয়ার ভুক্তভোগীকে ধর্ষণ করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।



