logo

নোয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণে সিএসএসের মানববন্ধন

নোয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণে সিএসএসের মানববন্ধন

ভোক্তা অধিকার সুরক্ষায় নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিএসএস)।

‎রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

‎সিএসএস নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদের সভাপতিত্বে ও প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল। আরও বক্তব্য দেন রফিকুল ইসলাম রবি, আবু আবদুল্লাহ জিহান, মোবারক হোসেন রুবেল, হারুনুর রশিদ, মুজাহিদুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবী নেতারা।

‎সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদ বলেন, বাজার তদারকি অভিযান নির্বিঘ্ন করতে নোয়াখালীতে স্থায়ী জনবল এখন সময়ের দাবি। অবিলম্বে দাবি পূরণ না হলে সাধারণ মানুষের অধিকার রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

‎বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীতে নিয়মিত ভোক্তা অধিকার কর্মকর্তা না থাকায় বাজার সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছে এবং ভেজাল পণ্য বিক্রি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে দ্রুত একজন স্থায়ী পরিচালক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের জোর দাবি জানানো হয়।

‎এ ছাড়া নিয়মিত তদারকি ও অভিযানের অভাবে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত আর্থিক ও স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কার্যকর নজরদারি থাকলে বাজারের শৃঙ্খলা ফিরে আসবে বলে মন্তব্য করেন বক্তারা।

‎মানববন্ধন শেষে সিএসএস পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।