logo

খাটের ওপর বৃদ্ধার গলাকাটা মরদেহ, উধাও দলিল-স্বর্ণালংকার

খাটের ওপর বৃদ্ধার গলাকাটা মরদেহ, উধাও দলিল-স্বর্ণালংকার
নিহত আছিয়া বেগমের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি : এশিয়া পোস্ট

যশোরের অভয়নগরে নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর ঘর থেকে জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

স্থানীয়দের ধারণা, রাতে চুরি বা অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকেছিল। এ সময় বৃদ্ধা তাদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর তার মা ও খালা ওই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) তার খালা এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে রাতে বাড়িতে একাই ছিলেন আছিয়া বেগম।

পান্না বেগম বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় খাটের ওপর তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

তিনি আরও বলেন, সকালে এসে দেখি, খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা আমার মাকে খুন করে সব লুটে নিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘরের খাটের ওপর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য আলামত সংগ্রহ করছে।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।