ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই কিশোরের

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নামিম খাঁ ও নিরব খাঁ নামে দুই কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহতদের স্বজনদের বরাতে পুলিশ জানায়, সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল নামিম ও নিরব। রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, কোন গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
