logo

সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
সোনামসজিদ স্থলবন্দরে আট দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। ছবি: এশিয়া পোস্ট

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই বন্দরে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এ সময়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীরা নিয়ম মেনে ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে মহদীপুর বন্দর থেকে কোনো পণ্যবাহী গাড়ি সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে সোনামসজিদ বন্দর থেকেও কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ি ভারতে যাবে না।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর চত্বরে আগে থেকে অবস্থানরত ভারতীয় ট্রাকের পণ্য খালাস, লোড-আনলোড ও গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চালু থাকবে। সাময়িকভাবে বাণিজ্য বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাতায়াত স্বাভাবিক থাকবে।

টানা আট দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর থেকে সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।