নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, বাসটি খুঁজে পায়নি পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বাসটি খুঁজে পায়নি পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার সকালে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডিতে আগুন দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়দের দাবি, চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে পৌরসভা কার্যালয়ের সামনে যাত্রী নামিয়ে বাসটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় চালক ও সহকারী পাশের একটি হোটেলে খাবার খেতে যান। সেই সুযোগে অজ্ঞাতপরিচয় দুই যুবক বাসটির নিচের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটিরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে বাসে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে অগ্নিসংযোগের কোনো তথ্য-প্রমাণ পায়নি বলে জানিয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির এশিয়া পোস্টকে জানান, খবর পাওয়ার পর পুলিশ তদন্ত করেছে। তবে বাসে অগ্নিসংযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অগ্নিসংযোগ করা বাসটি খুঁজে পায়নি পুলিশ। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরাও ঘটনাটি সঠিক নয় বলে জানিয়েছেন।
