logo
Advertisement

অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর-সেমাই প্রস্তুত, ৩ লাখ টাকা জরিমানা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর-সেমাই প্রস্তুত, ৩ লাখ টাকা জরিমানা
নোংরা পরিবেশে খোলা মেঝেতেই রাখা হয়েছে চানাচুর। ছবি : এশিয়া পোস্ট

বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও সেমাই তৈরির অভিযোগে ‘ডলার চানাচুর অ্যান্ড সেমাই কারখানা’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্য কর্মী ও জেলা পুলিশের একটি টিম নিরাপত্তার দায়িত্বে উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযান চালিয়ে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। সেখানে ময়লা মেঝেতে পা দিয়ে ময়দার ডো তৈরি এবং চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। এমনকি প্রস্তুতকৃত খাদ্যসামগ্রীও নোংরা মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত পোড়া তেল দিয়ে চানাচুর ভাজা এবং অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছিল। এছাড়া কারখানার শ্রমিকদের মধ্যেও ন্যূনতম স্বাস্থ্যবিধির বালাই ছিল না।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানান কর্মকর্তা মো. রাসেল।

বিষয় :