logo

চুয়াডাঙ্গা/অবৈধভাবে মজুত করে রাখা ১৫০০ বস্তা সার জব্দ

অবৈধভাবে মজুত করে রাখা ১৫০০ বস্তা সার জব্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করা সরকারি সার জব্দের পর গোডাউন পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সরকারি সার জব্দ করেছে কৃষি বিভাগ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাউলি মোড় এলাকায় নাঈম অটোমোবাইল অ্যান্ড বীজ ভান্ডারের গোডাউনে এ অভিযান চালানো হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার জানান, নাঈম অটোমোবাইল অ্যান্ড বীজ ভান্ডারের স্বত্বাধিকারী এবং বিএডিসি সারের ডিলার নাঈম উদ্দীন অবৈধভাবে সার মজুত করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। যদিও তিনি চলতি মাসে সরকারি হিসাবে বরাদ্দকৃত সার কৃষকদের মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে বলে কাগজপত্রে দেখিয়েছিলেন।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। পরে তার নির্দেশে জব্দকৃত সারসহ গোডাউনটি সিলগালা করা হয়। এ ঘটনায় ডিলার নাঈম উদ্দীনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।