নদীতে ভাসছিল নগ্ন ও পচন ধরা মরদেহ

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নগ্ন অবস্থায় নদীতে ভাসছিল। উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠ সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের পাশে বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। কয়েক দিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, মরদেহের পরিচয় শনাক্তে জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করলেও মরদেহটি অর্ধগলিত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

