logo

এবার নিজের মায়ের নামে স্কুল নামকরণের আবেদন এমপির

এবার নিজের মায়ের নামে স্কুল নামকরণের আবেদন এমপির
সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। ছবি : সংগৃহীত

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশীয় পদবির নামে তিনটি ইউনিয়নের নামকরণের আলোচনার মধ্যেই এবার মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়।

সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষরিত চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে সরেজমিন পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব ও সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠি। ছবি : সংগৃহীত
চিঠি। ছবি : সংগৃহীত

চিঠির তথ্যানুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান নাম পরিবর্তনের জন্য গত ৪ জুন সংসদ সদস্য অ্যাড. এ কে এম সেলিম রেজা হাবিব নিজেই আবেদন করেন।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য অ্যাড. এ কে এম সেলিম রেজা হাবিবের একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনি এলাকায় তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনা হয়েছে। অবশ্য প্রতিমন্ত্রী দাবি করেছেন, তার সন্তানের নামের সঙ্গে মিল রেখে নয়, একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ‘সীমান্ত’ এবং আরেকটি দূরবর্তী হওয়ায় ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সেখানে তিনি ইউনিয়নের নামকরণের বিষয়ে ব্যাখ্যা দেন।