বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ
নিখোঁজ দিদারুল আলম হৃদয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভাণ্ডালজুরী খালে দিদারুল আলম হৃদয় (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে জ্যৈষ্ঠপুরায় লিচু বাগানে কাজে যাওয়ার সময় ভাণ্ডালজুরী খালের ‘লেচু বারিচা’ নামক স্থানে তিনি তলিয়ে যান।

দিদারুল আলম হৃদয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার বাবার নাম মৃত ইলিয়াছ।

স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান জানান, দিদার পাহাড়ে বাগান শ্রমিক হিসেবে দিনমজুরি করে সংসার চালাতেন। সকালে কাজে যাওয়ার জন্য খাল পার হতে গিয়ে তিনি পাহাড়ি ঢলের তীব্র স্রোতে তলিয়ে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে দিদার পাহাড়ে কাজ করতে গিয়েছিলেন। ভারী বর্ষণের কারণে ভাণ্ডালজুরী খালে তীব্র পাহাড়ি ঢল ছিল। সেই খাল পার হতে গিয়েই তিনি নিখোঁজ হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।