logo
Advertisement

বাঁধনকে হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ব্রাহ্মণবাড়িয়া
বাঁধনকে হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল
বাঁধনকে হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল। ছবি: এশিয়া পোস্ট

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির বিচার ও অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাঞ্ছারামপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌর যুবদল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর নেতৃত্বে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের হাতে মশাল ও ব্যানার দেখা যায়। মিছিল শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম ইলিয়াস মিয়া। তিনি বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের মোহন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ থেকে ১২ বছর আগে ইলিয়াস মিয়া ইতালিতে যান। বর্তমানে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ভেনিসে বসবাস করছেন। সেখানে তিনি ‘ভেনিস ইতালি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তবে তার মা-বাবা ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্নকারী এবং দেশের শিল্পীদের হেনস্তা বা আক্রমণের ঘটনায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।