Advertisement

চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবস্থিত একটি লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন—নুরুল আলম (৪৫) এবং দিদারুল আলম (৩২)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত ‘কনফিডেন্স সল্ট লিমিটেড’ লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেনারেটর মেরামত ও ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত ১০ থেকে ১১ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দগ্ধদের অধিকাংশেরই শরীরের ৪০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দগ্ধ শ্রমিকদের মধ্যে পটিয়া থানার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ২নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে। এর কিছুক্ষণ পরেই শরীরের ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন দিদারুল আলম নামের আরেক শ্রমিকও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন বাকি শ্রমিকদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তাদের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।