বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার, ৬ স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি মানা নিয়ে কড়াকড়ির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে তাদের শোকজ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়ার স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের কাছে তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব চাওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রমে অংশ নেন তারা। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা শিবলী নোমানী ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
শোকজপ্রাপ্তরা হলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস এবং স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন।
চিঠিতে নির্বাচন কমিশন জারিকৃত প্রজ্ঞাপনের ২০(খ) ধারার উল্লেখ করে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক সভা, সমাবেশ কিংবা প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেন না। অভিযোগের প্রেক্ষিতে তাদের কর্মকাণ্ড সরকারি নির্দেশনা লঙ্ঘনের শামিল হতে পারে বলে উল্লেখ করা হয়। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না— সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া বলেন, অভিযোগটি প্রথমে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয় এবং পরবর্তীতে বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়। নির্দেশনার ভিত্তিতেই সংশ্লিষ্ট ৬ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।