ভুয়া পরিচয়ে পাম্পে খবরদারি, প্রতারক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভুয়া পরিচয় দিয়ে খবরদারি করার সময় মুকিত পার্থ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রনবাঘা এলাকার জোহা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুকিত পার্থ নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইনের মধ্যে মুকিত পার্থ নিজেকে দেশের একটি বিশেষ সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি তিনি তেল বিতরণ পদ্ধতি ও মজুত সম্পর্কে জানতে স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজন ও কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় মুকিত পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।