দুদিন ধরে চলছে দুই মহল্লাবাসীর সংঘর্ষ

সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদিন ধরে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
সর্বশেষ রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাসুমপুর ও সয়াধানগড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়ান তারা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র হঠাৎ করেই দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।