বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বোনের বাড়ির উঠান থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার রাত ১১টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল ইসলাম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বোন মছিরন বেগমের বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে শফিকুল ইসলামের সঙ্গে তার বোনদের জমি বণ্টন নিয়ে বিরোধ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিষয়টি এবং অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।



