পিরোজপুরে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
পিরোজপুরে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ
পিরোজপুরে বৃস্টির মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে টাউন ক্লাব সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি সরকারি সোহরাওয়ার্দী কলেজ এলাকা, টাউন ক্লাব রোড ও হাসপাতাল রোড প্রদক্ষিণ করে সি-অফিস গোলচত্বরে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হন।

শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করলে যান চলাচলে ব্যাহত হয় এবং সড়কটিতে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘মুরগি, মুরগিসহ’ বিভিন্ন স্লোগান দেন। এ সময় বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। পরে তারা স্বেচ্ছায় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুরো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিষয় :পিরোজপুর