logo

চুরির অভিযোগে ফুলের মালা পরিয়ে স্বীকারোক্তি, ভিডিও ভাইরাল

চুরির অভিযোগে ফুলের মালা পরিয়ে স্বীকারোক্তি, ভিডিও ভাইরাল

নড়াইলের কালিয়া উপজেলায় মাছ চুরির অভিযোগে এক যুবককে ফুলের মালা পরিয়ে স্বীকারোক্তি নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে এ সংক্রান্ত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। এর আগে, শুক্রবার ভোররাতে উপজেলার ছোট কালিয়া এলাকায় স্থানীয়রা ভিডিওটি ধারণ করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মামুন শেখ (৩৫)। তিনি কালিয়া উপজেলার কুঞ্জুপুর এলাকার বাদশাহ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে উপজেলার দক্ষিণপাড়া এলাকার একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে পালানোর সময় ছোট কালিয়া মোড়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১০ কেজি চিংড়ি মাছ ও একটি বিষের বোতল উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘের মালিকসহ স্থানীয়রা সেখানে জড়ো হন। একপর্যায়ে মজার ছলে ঘের মালিক মামুনের গলায় ফুলের মালা পরিয়ে দেন এবং তার স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মামুন শেখের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ও মামলা রয়েছে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মামুন মাছ চুরি চক্রের সক্রিয় সদস্য। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ফুলের মালা পরানোর বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।